কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদের কলাপাড়া-নীলগঞ্জ ফেরিঘাটের বেইলি সেতু ভেঙে পন্টুন ডুবে গেছে। গতকাল শুক্রবার ভোরে অতিরিক্ত রডবোঝাই একটি ট্রাক ওই ফেরিতে ওঠায় এ ঘটনা ঘটে। এতে কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বন্ধ রয়েছে।
ফেরি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কলাপাড়া-নীলগঞ্জ ফেরিঘাটের পন্টুন পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকেরা।
এ ছাড়া ওই ফেরিঘাটে অনেক যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক, পিকআপ আটকে পড়ে। ফেরি কর্তৃপক্ষ গতকাল দুপুরে আটকে পড়া ট্রাকটি উদ্ধারের পর কলাপাড়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটার উদ্দেশে আসা পর্যটকেরা কলাপাড়া থেকেই গন্তব্যে ফিরে গেছেন। এ ছাড়া আন্ধারমানিক নদের অপর পারে আটকে পড়া পর্যটকেরাও বিকল্প পথে গন্তব্যে ফিরে যাচ্ছেন।
সওজের কলাপাড়া ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মো. এনামুল হক জানান, প্রায় ২৭ টন রডবোঝাই ওই ট্রাক কলাপাড়া ফেরিঘাট থেকে বেইলি সেতু পার হয়ে পন্টুনে উঠতে গেলে সেতুর অ্যাঙ্গেল ভেঙে যায়। এতে পন্টুন ফুটো হয়ে ভেতরে পানি প্রবেশ করলে এটি তলিয়ে যায়।
এ ব্যাপারে সওজের পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন জানান, বেইলি সেতুটির স্লিপার অ্যাঙ্গেল খুলে কাজ করা হচ্ছে। এরপর ডুবে যাওয়া পন্টুনটি তুলে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে ফুটো হয়ে যাওয়া অংশ মেরামতের কাজ করা হবে। এ জন্য বরিশাল থেকে ক্রেন এবং পটুয়াখালী থেকে র্যা কার আনা হয়েছে। ভাটার সময় পন্টুনটি মেরামত করা যাবে। পর্যটকদের কথা বিবেচনা করে জেলা পর্যায়ের সওজের সব ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।