কুয়াশায় আট ঘণ্টা নৌযান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকায় নৌযান চলাচল ব্যাহত হয়। রাত আড়াইটার দিকে কুয়াশা বেশি পড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আর এর আগে পাটুরিয়া থেকে ছেড়ে আসা গোলাম মওলা, হাসনা হেনা ও কুমারী এবং দৌলতদিয়া থেকে আসা খানজাহান আলী ও কেরামত আলী নামের পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিতে ৩০টি যাত্রীবাহী বাস, ১৫টি পণ্যবাহী ট্রাক ও ১৫টি ছোট গাড়ি ছিল। সাড়ে চারটার দিকে কুয়াশা কম দেখে ফেরিগুলো উভয় ঘাটে গিয়ে ভেড়ে। কিন্তু তখন ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি।
এদিকে পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকা থেকে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক যানবাহন পাটুরিয়া-উথলী সংযোগ সড়কে আটকা পড়ে। গতকাল বেলা সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চালু হয়।
এদিকে ঘাটে যানজটে দীর্ঘ সময় আটকে থাকার আশঙ্কায় কিছু চালক ক্রম ভঙ্গ করে আগে ফেরিতে ওঠেন। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ রকম ১৩-১৪টি বাসকে আগে যেতে দেখা যায়। বাসচালক মো. মিন্টু বলেন, ‘কোম্পানির ব্যবস্থাপক বাসে আছেন। তাই ভিআইপিভাবে যাওয়ার জন্য চেষ্টা করছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর হোসেন বলেন, যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলো আগে পারাপার করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম গতকাল দুপুরে বলেন, প্রায় আট ঘণ্টা বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকে আছে। তবে রাতের মধ্যেই গাড়িগুলো পার হবে বলে আশা করেন তিনি।