কুয়াশায় চার ঘণ্টা নৌযান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে কুয়াশার জন্য গতকাল বুধবার চার ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা যানবাহন ও যাত্রীবোঝাই সাতটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে এ বছর প্রথমবারের মতো কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। পরে গতকাল ভোর সাড়ে চারটার দিকে সামনের কিছুই দেখতে না পেয়ে ফেরির মাস্টাররা ফেরি চালানো বন্ধ করে দেন। ফলে বাধ্য হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো ফেরি ভাষাশহীদ বরকত, এনায়েতপুরী, কে-টাইপ ফেরি কপোতি, কাবেরী ও ইউটিলিটি ফেরি বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামের সাতটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিগুলোতে ৩৫টি যাত্রীবাহী বাস, ৪০টি পণ্যবাহী ট্রাক ও ২৫টির মতো ছোট ব্যক্তিগত গাড়ি ছিল। এ ছাড়া যাত্রী ছিল প্রায় ১ হাজার ২০০ জন। এতে আটকে পড়া যানবাহনের দুর্ভোগে পড়তে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, হঠাৎ কুয়াশার কারণে ফেরি চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে কিছু যানবাহন নদী পাড়ি দিতে না পেরে আটকা পড়ে। কুয়াশার কারণে লঞ্চ চলাচলও ব্যাহত হয়। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।