কুয়াশায় পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ
আবারও ঘন কুয়াশার কারণে গতকাল রোববার প্রায় পাঁচ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রী ও যানবাহন বোঝাই চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ভোররাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকলে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোররাত সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় চারটি ফেরি মাঝ নদীতে গিয়ে আটকা পড়ে। ফেরিগুলোতে ৪৫টির মতো যানবাহন ছিল।
অবরোধের কারণে রাতেরবেলায় ছেড়ে আসা অনেক যানবাহন উভয় ঘাটে আটকা পড়ে। পরে সকাল সাতটার দিকে ওই চারটি ফেরি দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পৌঁছায়। এরপর প্রায় ১০ মিনিট পরিস্থিতি স্বাভাবিক থাকার পর কুয়াশা আবার বেড়ে যাওয়ায় ফেরি বন্ধ হয়ে যায়। সকাল সোয়া নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ‘অবরোধের কারণে দিনের বেলায় গাড়ির চাপ না থাকায় রাতে আসা কিছু গাড়ি আটকা পড়ে। দিনের শেষবেলায় আশা করি গাড়িগুলো নদী পাড়ি দিতে সক্ষম হবে।’