দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফের পাঁচ ঘণ্টার বেশি সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় ছোট-বড় পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এতে উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশা পড়তে থাকলে ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাতে কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে দুইটা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি ভাষাশহীদ বরকত, এনায়েতপুরী ও শাহজালাল, কাবেরী ও মাধবীলতা নামক দুটি ছোট ফেরি মাঝনদীতে আটকা পড়ে।
এ ছাড়া ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে আটকা পড়ে শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ অন্যান্য গাড়ি। ঢাকা-আরিচা মহাসড়কেও আটকা পড়ে যাত্রীবাহী নৈশকোচ, ২৫০টি পণ্যবাহী ট্রাক ও প্রায় ১০০ ছোট গাড়ি। পরদিন গতকাল সোমবার সকাল সোয়া সাতটার দিকে কুয়াশা কমতে শুরু করলে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ ও রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রাতে বন্ধ থাকায় যানবাহন পারাপারে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে দিন শেষে চাপ কমে আসবে বলে জানান।