কুয়াশায় মাঝনদীতে ফেরি আটকা, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুই দিন ধরে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। গতকাল সোমবার ভোর পাঁচটা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। এর মধ্যে আটটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। প্রায় পাঁচ ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু হয়।

এর আগে গত রোববার পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, এ নৌপথে সাতটি রো রো (বড়), ছয়টি কে-টাইপ (মাঝারি) ও তিনটি ইউটিলিটি (ছোট) ফেরি পারাপারের জন্য আছে। দুই দিন ধরে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত শনিবারের মতো গতকালও ভোর পৌনে পাঁচটা থেকে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। এর আগে ভোররাত সাড়ে চারটার দিকে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহ মখদুম, ভাষাশহীদ বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেটাইপ ফেরি কাবেরী, কুমারী ও ইউটিলিটি ফেরি শাপলাশালুক, হাসনা হেনা ও বনলতা মাঝনদীতে আটকা পড়ে। এসব ফেরিতে অন্তত ৩০টি যাত্রীবাহী বাস, ৬৫টি পণ্যবাহী ট্রাক ও ১৬টির মতো ব্যক্তিগত (ছোট) গাড়ি ছিল। এ ছাড়া ফেরি বন্ধের কারণে দৌলতদিয়ায় শতাধিক ও পাটুরিয়া ঘাটে প্রায় ২০০ যানবাহন আটকা পড়ে। তবে গতকাল সোমবার নৈশ কোচগুলো সকালে ঘাট ছেড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহন পারাপারে তেমন একটা সমস্যা হবে না।

বিআইডব্লিউটির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, দুর্ঘটনা এড়াতেই ফেরি বন্ধ রাখা হয়। এদিকে রোববার দৌলতদিয়া থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে নোঙর করে। এ সময় পাটুরিয়া প্রান্তে ছয়টি ফেরি যানবাহন নোঙর করে থাকে।