কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকা ফেরির চলাচল ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় পাঁচ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আবারও তা চালু হয়েছে। ঘন কুয়াশায় মাঝনদীতে যানবাহনবোঝাই পাঁচটি ফেরি আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। ফলে ফেরি চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়। একপর্যায়ে শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে প্রচণ্ড ঘন কুয়াশায় সামান্য সামনের কিছুও দেখতে না পেয়ে মাস্টাররা ফেরি চলাচল বন্ধ করে দেন।
এর আগে পাটুরিয়া ঘাট থেকে প্রায় ৭৬টি যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা রোরো ফেরি শাহজালাল, কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ইউটিলিটি ফেরি শাপলা-শালুক ও মাধবীলতা মাঝনদীতে এসে আটকা পড়ে। এ সময় ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে ফেরিতে থাকা চার শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও পাটুরিয়া প্রান্তে আরও ছয়টি ফেরি গাড়িবোঝাই করে ঘাটেই নোঙর করে থাকে।
ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকা থেকে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক যানবাহন পাটুরিয়া-উথলী সংযোগ সড়কে আটকা পড়ে। সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয় এবং যানবাহনের চাপও কমে আসতে থাকে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, হঠাৎ ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টার মতো দৌলতদিয়া-পাটুরিয়া এবং কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, কুয়াশা কেটে গেলে গতকাল সকার সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী কোচগুলোকে আগে পারাপার করা হবে।
এদিকে ফেরির পাশাপাশি এসব নৌপথে লঞ্চ চলাচলও বন্ধ ছিল। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা কম দেখে দৌলতদিয়া ঘাট থেকে একটি লঞ্চ যাত্রী বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে লঞ্চটি ঘন কুয়াশার কবলে পড়ে।
এ সময় দিক হারিয়ে ফেলে ১৫০ জন যাত্রীসহ লঞ্চটি দীর্ঘ সময় নদীর মধ্যে ঘুরপাক খেতে থাকে। পরে চালক কোনোমতে লঞ্চটি নিয়ে পাটুরিয়ায় পৌঁছান বলে কর্মরত শ্রমিকেরা জানান।