ঘন কুয়াশার কারণে গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত শুক্রবার রাতে নয় ঘণ্টারও বেশি সময় ফেরিসহ সব ধরনের নৌযান বন্ধ ছিল। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন ও যাত্রীবোঝাই ছোট-বড় সাতটি ফেরি এবং একটি লঞ্চ মাঝনদীতে আটকা পড়ে। এ ছাড়া উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। দুর্ভোগের শিকার হন কয়েক হাজার যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ও পাটুরিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে দেশে কুয়াশা পড়তে থাকলে দৌলতদিয়া-পাটুরিয়া নদী অববাহিকায় নৌযান চলাচলে সমস্যা সৃষ্টি হয়। সন্ধ্যা গড়িয়ে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে শুক্রবার রাত আটটা থেকে এই রুটের লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় মোট সাতটি ফেরি মাঝনদীতে গিয়ে কুয়াশায় সামনের কিছুই দেখতে না পেয়ে আটকা পড়ে। সেই দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবোঝাই ‘ব্লাকবার্ড’ নমের একটি লঞ্চ মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে আটকে যায়। আটকা পড়ে যাত্রীবোঝাই দুটি ইঞ্জিনচালিত ট্রলার। ফেরিগুলোতে সহস্রাধিক যাত্রীসহ ৭০টির মতো ছোট-বড় যান ছিল।
গতকাল শনিবার ভোর পাঁচটার পর থেকে কুয়াশা কমতে শুরু করলে আবার সব ধরনের নৌযান চলাচল শুরু হয়। এ সময় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, গতকাল সকাল ১০টা পর্যন্ত নৈশকোচ পার হলেও পণ্যবাহী অন্তত ২০০ যানবাহন আটকা পড়ে থাকে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, নৌপথ বন্ধের আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় সাতটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।