কুয়াশার প্রভাব সহজে কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত পুরোপুরি জেঁকে বসেনি। তবে কুয়াশার দাপট শুরু হয়ে গেছে। দুদিন ধরে ঘন কুয়াশা পড়ায় রাতের বেলা ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। তবে কুয়াশার এই দাপট সহজে কমছে না।

আবহাওয়াবিদদের মতে, ডিসম্বের তো বটেই, পুরো জানুয়ারি মাসেই কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে দেশ। শীতকাল চলে আসাতেই কুয়াশা পড়ছে। এর সঙ্গে ধূলিকণার যোগ হওয়ায় এর মাত্রাটা বেশি দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, বৃষ্টি কিংবা বাতাস হলে কুয়াশা কেটে যাবে। তবে সামনে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। তিনি আরও জানান, ডিসেম্বর মাসের ৪ তারিখের দিকে শীত পড়তে পারে।

শীত না এলেও তাপমাত্রা এরই মধ্যে কমতে শুরু করেছে। রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ও আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাতে বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ ভোর পাঁচটা থেকে বন্ধ থাকার পর পাটুরিয়ায় সকাল সাড়ে নয়টা ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি। বেলা পৌনে ১১টার দিকে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয় বলে প্রথম আলোকে জানান মাওয়া রুটে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান। তিনি বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।