কুয়াশার মতো ধুলা
শীত চলে গেছে। তারপরও যদি ধরা যায় শীত আছে, তাহলে কুয়াশাও থাকতে পারে। কিন্তু গত মঙ্গলবার সকালে ঢাকায় কুয়াশা ছিল না। দুপুরে তো নয়-ই। যদিও বেলা তিনটার দিকে পুরান ঢাকার ফোল্ডার স্ট্রিট এলাকায় ছবি তুলতে গিয়ে দেখা যায়, পুরো এলাকা যেন কুয়াশায় ঢাকা।
গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার) নিচে জয়কালী মন্দির থেকে স্বামীবাগ পর্যন্ত পুরো এলাকায় এখন ধুলার রাজত্ব। এলাকার রাস্তা-নর্দমা ও ফুটপাত মেরামতের কাজ শুরু হয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে। এ জন্য বেশ কিছু গর্ত খোঁড়া হয়েছে। কিন্তু গর্তের মাটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার কথা থাকলেও রাখা হচ্ছে রাস্তার ওপর, এলোমেলোভাবে। ফলে সেগুলো ধুলা হয়ে ছড়িয়ে পড়ছে চারদিকে। যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি বেড়ে গেছে।
ওয়ারী এলাকার বাসিন্দা পারভীন রুবী প্রথম আলোকে বলেন, গতকাল তিনি ওয়ারী স্কুল পথে রিকশায় যাওয়ার সময় বেশ কয়েকটি বাসও যাচ্ছিল। ধুলার কারণে দুই হাত দূরের লোকদেরও দেখতে পাচ্ছিলেন না তিনি।
ফোল্ডার স্ট্রিট এলাকায় বেস্ট বাইয়ের পাশে চণ্ডীচরণ বোস স্ট্রিট, ওয়্যার স্ট্রিট মসজিদ এলাকা, হাটখোলা ফকির বানু ভবন এলাকা, রাজধানী সুপার মার্কেট এলাকাসহ আশপাশের এলাকার বাসিন্দা ও দোকানিরা ধুলার কারণে সার্বক্ষণিকভাবে অস্বস্তিতে রয়েছেন বলে জানিয়েছেন। চলাচলকারী যানবাহন, পথচারী—সবাইকে পড়তে হচ্ছে ভাঙা রাস্তা আর ধুলার কবলে। উল্টে যাচ্ছে রিকশা, অটোরিকশা। হোঁচট খাচ্ছে পথচারী।
ফকির বানু ভবনের বাসিন্দা মো. মাসুম বলেন, উড়ালসড়ক নির্মাণের সময় বছরের পর বছর ভোগান্তিতে ছিলেন তাঁরা। চালু হওয়ার পর নিচের রাস্তার দুরবস্থা আরও বেড়ে যায়। বর্ষায় কাদা আর এখন ধুলার রাজত্বে বসবাস করছেন তাঁরা।
উড়ালসড়কের নিচে জয়কালী মন্দির রোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তা-ফুটপাত ও নর্দমা মেরামত করার কথা ছিল গত বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই। কিন্তু তা হয়নি। বর্তমানে দুটি প্যাকেজে ২৩ কোটি টাকায় কাজটি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন প্রথম আলোকে বলেন, নির্মাণকাজের কারণে ধুলাবালি হয়। তবে কোনো অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে কি না, তা দেখা হবে।