কুয়েতে গ্রেপ্তার সাংসদের জামিনের আবেদন খারিজ
কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওথাইমান আজ বৃহস্পতিবার মানব ও মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সাংসদ সহিদ ইসলামের (পাপুল) জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলার শুনানি ১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন। কুয়েতের আরবি দৈনিক আল কাবাস এ খবর জানিয়েছে।
আদালত বৃহস্পতিবার ওই মামলার অন্য তিন আসামিকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। অবশ্য সরকার এর আগে ওই তিনজনকে মুক্তি দিয়েছিল। তবে আদালত বাংলাদেশের সাংসদকে মদদ দেওয়ায় অভিযুক্ত কুয়েতের দুই সাংসদ সাদাউন হামমাদ ও সালাহ খুরশিদের সাক্ষ্য নেয়নি।
অবশ্য আদালতের কাছে বৃহস্পতিবার সহিদ ইসলাম দাবি করেছেন সাংসদ সাদুন হামমাদ ও সালাহ খুরশিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
লক্ষ্মীপুর থেকে নির্বাচিত বাংলাদেশের স্বতন্ত্র সাংসদ সহিদ ইসলামকে (পাপুল) কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে গত ৬ জুন গ্রেপ্তার করা হয়।