কুয়েতের সঙ্গে সরকারি পর্যায়ে বিনিয়োগ চুক্তির খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের সঙ্গে বাংলাদেশের সরকারি পর্যায়ে একটি বিনিয়োগ চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর আওতায় উভয় দেশের শিল্পোদ্যোক্তারা বিনিয়োগ ও ভিসা-সুবিধা পাবেন।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে রেলওয়ের সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে।
গতকালের বৈঠকে অনুমোদন হওয়া আরেকটি চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক, বিশেষ ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা লাগবে না। বাংলাদেশের সঙ্গে ভিসাসংক্রান্ত এ ধরনের চুক্তি থাকা ১৫তম দেশ হবে কুয়েত।
বৈঠক সূত্র বলেছে, খেতাবপ্রাপ্ত ও পঙ্গু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের ভাতা বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হলেও তা নিয়ে কেবল আলোচনা হয়েছে। পরে খসড়াটি ফেরত পাঠানো হয়। তাঁদের ভাতা ২১২ থেকে ২৬৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতের ভিন্নতা রয়েছে বলে জানা যায়। এ ছাড়া সাধারণ মুক্তিযোদ্ধাদের বাদ রেখে শুধু খেতাবপ্রাপ্ত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রিসভার কোনো কোনো সদস্য।
বৈঠকে রেলওয়ের সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামরিক শাসনামলের ওই আইনটি বাংলায় অনুবাদ করাসহ সামান্য পরিবর্তন করা হয়েছে। বিদ্যমান ওই আইনে রেলওয়ের সম্পত্তি চুরি বা অবৈধ দখল করলে অনধিক সাত বছর জেল বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া এ ধরনের অপরাধ সংগঠনে সহযোগিতা করা ব্যক্তির সাজা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
বৈঠকে ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২ নম্বর তফসিলে উল্লেখিত বিভিন্ন ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিবন্ধন ফি, সংঘ স্মারক ফি, নথিপত্র পরিদর্শন ফি, অনুলিপি পাওয়ার ফিসহ অন্যান্য ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে।