কুরআন-সুন্নাহবিরোধী আইন মানুষ মানবে না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রস্তাবিত নারীনীতির বিরোধিতা করে বলেছেন, কুরআন ও সুন্নাহবিরোধী আইন মানুষ মেনে নেবে না। নারী-পুরুষের বেলায় সম্পদের সমান অধিকার দিয়ে নতুন নীতিমালা করার অধিকার কারও নেই। গতকাল শনিবার ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে এক সভায় এরশাদ এ কথা বলেন। তাঁর মতে, ইসলাম নারীকে যা দিয়েছে, তা যাতে তারা ভোগ করতে পারে, তার নিশ্চয়তা দেওয়াই সরকারের দায়িত্ব। ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান করার চেষ্টা করা হলে, তা দেশে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সভায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশীদ, ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, দেশের অবস্থা ভালো নয়। সীমাহীন সংকট বিরাজ করছে। দ্রব্যমূল্য বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাবে জানি না। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট গরমকালে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে পথের ভিখেরিতে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।