কুরমা বিট বনদস্যুদের নিয়ন্ত্রণে চিফ হুইপের সহযোগিতা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা বন বিট এলাকা এখন বনদস্যুদের নিয়ন্ত্রণে। বনকর্মীরা দস্যুদের কাছে অসহায়। কারণ, প্রভাবশালী জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠরা দস্যুদের মদদদাতা হিসেবে কাজ করে। কুরমা বনাঞ্চল রক্ষায় চিহ্নিত বনদস্যুদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে ৩০ ডিসেম্বর স্থানীয় সাংসদ চিফ হুইপ এম এ শহীদের কাছে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এই লিখিত প্রতিবেদন দিয়েছেন। এতে বন রক্ষায় চিফ হুইপের সহযোগিতাও কামনা করা হয়েছে।প্রতিবেদনে স্থানীয় ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নানকে বনদস্যুদের মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর মদদে টিলাগাঁও ও গুলের হাওর গ্রামের জাহের মিয়া, নসির মিয়া, মালিক মিয়া, লোমান মিয়া, মতলিব মিয়া, শাহজাহান মিয়া, সিরাজ মিয়া, রফিক মিয়া, হান্নান মিয়া, কমরু মিয়া ও বারেক মিয়া বন উজাড় করছেন। এ ব্যাপারে আবদুল হান্নান অভিযোগটিকে সম্পূর্ণ অসত্য দাবি করে পাল্টা অভিযোগ করেন, বন উজাড়ের সঙ্গে বনকর্মীদের একটা অংশ জড়িত। কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের অধীন চার হাজার ৮৪০ একর আয়তনের কুরমা বনে প্রাকৃতিক বাগানের পরিমাণ তিন হাজার ২৪০ একর। আর সৃজিত বাগানের পরিমাণ এক হাজার ৬০০ একর। গত বছর নভেম্বর-ডিসেম্বরে মূল্যবান গাছ কেটে প্রকাশ্যে পাচার করে প্রভাবশালী চিহ্নিত বনদস্যুরা। গত ডিসেম্বরে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কুরমা বন বিট পরিদর্শন করে ৭৮টি সেগুনগাছের মোথার সন্ধান পান। বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রতিবেদন তৈরির সত্যতা স্বীকার করে বলেন, তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন।