কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
গত ৪ আগস্ট প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘বেআইনি হলেও কুরিয়ারে টাকা পাঠানো হচ্ছে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার দুই মাস ২৪ দিন পর গত ২৮ অক্টোবর পাঁচ পৃষ্ঠার প্রতিবাদ জানিয়েছে কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিএসএবি)।
সংগঠনটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে ব্যাংক ও ডাক আইনের কথা বলে কুরিয়ারকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। অথচ কুরিয়ার ঋণ দেয় না বা আমানতও নেয় না। উভয় আইনের আওতায় এনে তাই কুরিয়ারের কার্যক্রমকে অবৈধ বলার কোনো অবকাশ নেই। দীর্ঘ বছর ধরে বিভিন্ন মহল কুরিয়ার ব্যবসা বন্ধের অপচেষ্টা করছে। এর প্রতিকার চাইলে উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়ে ব্যবসা পরিচালনা করতে বলেন। সুতরাং, কুরিয়ার ব্যবসা যেমন অবৈধ নয় এবং দেশের ভেতরে টাকাপয়সা বহন করাও অবৈধ নয়।
এতে আরও বলা হয়, একটি বহুজাতিক নন-ব্যাংকিং কোম্পানিকে পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) লাইসেন্স দিয়েছে সরকার। মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ওই পিএসও লাইসেন্স পাওয়া কোম্পানিটি কুরিয়ার খাতের ৩২ বছরের চেষ্টায় তৈরি করা বাজারটি রাতারাতি দখলে নিয়ে লাভবান হচ্ছে। তাদের লাভের বড় অংশ চলে যাচ্ছে আবার দেশের বাইরে। প্রথম আলোর প্রতিবেদনটি ওই কোম্পানির বিজ্ঞাপন হিসেবে কাজ করেছে বলে মনে হয়।
প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে ২০১৩ সালে জারি করা বিধিমালায়ও কুরিয়ার কোম্পানিগুলোকে অর্থ বহনের অনুমতি দেওয়া হয়নি বলে বলা হয়েছে। অথচ বিধিমালা অনুযায়ী, মূল্য ঘোষণার (ভিডি) মাধ্যমে মালামাল বহন করা যায়। আর পরিবহন নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ বিমান যেভাবে অর্থ বহন করত, কুরিয়ারও তাই করছে। তার পরও সরকারের কাছে নগদ টাকা বহনের অনুমতি চাওয়া হয়েছে, যা বিবেচনাধীন। ব্যবসা অন্যের হাতে চলে যাওয়ায় হাজারও কর্মচারী যখন বেকার হতে চলেছে, ঠিক এমন সময় এ ধরনের প্রতিবেদন প্রকাশ কফিনের ওপর শেষ পেরেক মারারই শামিল।
প্রতিবেদকের বক্তব্য: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের মধ্যকার চিঠি চালাচালি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকের কার্যবিবরণী এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো পাঁচ দফা চিঠির ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। কুরিয়ারের মাধ্যমে টাকা পাঠানোর আইনি এখতিয়ার-ই হলো প্রতিবেদনের মূল বিষয়, অন্য কিছু নয়। সেই এখতিয়ার যে কুরিয়ার কোম্পানিগুলো এখনো পায়নি, প্রতিবাদপত্রে তা উল্লেখ রয়েছে।