কুরিয়ার সার্ভিসের ভুয়া নথি দেখিয়ে টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের ভুয়া নথিপত্রের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. ইদ্রিস মিয়া (৩৩)।কোতোয়ালি থানা সূত্র জানায়, ভুয়া নথিপত্র দেখিয়ে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয় থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন ইদ্রিস। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরচারিপাড়ায়। প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ৯ ডিসেম্বর সন্ধ্যায় বাগেরহাটের ঠিকানা থেকে চট্টগ্রামের এসএ পরিবহনের কার্যালয়ে একটি ফ্যাক্সবার্তা আসে। এতে ভুয়া নথিতে প্রেরকের নাম জাহানারা, মোবাইল ফোন নম্বর ০১৯৩৯১১৪৭৩৩ এবং প্রাপক এনামুল হক ও মোবাইল ফোন নম্বর ০১৮২৭২৪৭৫৪০ উল্লেখ করা হয়। বার্তায় প্রাপককে ৭০ হাজার টাকা দিতে বলা হয়। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এই টাকার জন্য এসএ পরিবহনের কার্যালয়ে যান। কর্তৃপক্ষ বিষয়টি যাচাই শুরু করলে ওই ব্যক্তি টের পেয়ে পালিয়ে যান। একই দিন সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় আরেকজন এসএ পরিবহন থেকে ভুয়া নথি দেখিয়ে ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় কার্যালয় থেকে এসএ পরিবহনের বাগেরহাট কার্যালয়ে যোগাযোগ করা হয়। বাগেরহাট থেকে ৩০ হাজার টাকা-সংক্রান্ত কোনো বার্তা পাঠানো হয়নি বলে স্থানীয় এসএ পরিবহন কার্যালয়কে জানানো হয়। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ ইদ্রিসকে গ্রেপ্তার করে।