কুরিয়ারে অস্ত্র ও গুলি পাঠাতে গিয়ে ধরা
যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে গতকাল রোববার রাত পৌনে নয়টায় একটি বিদেশি পিস্তল ও ১৫০ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। আটক ব্যক্তির নাম কামাল হোসেন। কামালকে র্যাপিড অ্যাকশন বাটালিয়নের (র্যাব) কাছে হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দাবি, কামাল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তাঁদের কাছে খবর ছিল, বেনাপোল বন্দর এলাকায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ কয়েকটি সার্ভিসের মাধ্যমে পার্সেলের মধ্যে আগ্নেয়াস্ত্রের চালান বিভিন্ন এলাকায় পাঠানো হয়। গতকাল রাত পৌনে নয়টার দিকে বেনাপোল বন্দর থানার ঘিবা গ্রামের কামাল হোসেন দুটি শনপাপড়ি লেখা প্যাকেট ঢাকায় পাঠাতে বন্দর বাজারে হোটেল পোর্ট ভিউয়ের নিচতলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে যান। তিনি প্যাকেট দুটি ঢাকার মতিঝিল এলাকার কাশেম আলীর নামে বুকিং দেন। গোয়েন্দা সংস্থার লোকজন প্যাকেটে কী আছে জিজ্ঞাসা করলে, তিনি প্যাকেটসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করে আটক করা হয় এবং প্যাকেটে ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।