কুল চাষে সাফল্য, বাড়ছে চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান-সবজি বাদ দিয়ে কুল চাষ—অনেকেই লোকসানের আশঙ্কায় প্রথমে পা বাড়াতে চাননি। ফলে উপজেলায় শুরুটা করেন পাঁচ-ছয়জন চাষি। তাঁরা সাহস দেখালেও চাষ করেন সামান্য জমিতে। ফলন ওঠার পর সবার মুখে হাসি। ফলন-দাম দুটোই ভালো। এবার আর বসে থাকা নয়, এগিয়ে এলেন অন্য চাষিরাও। এখন চাষির সংখ্যা অর্ধশতাধিক। ফটিকছড়িতে বাণিজ্যিকভাবে কুল চাষ বাড়ার গল্পটা এ রকম।
সম্প্রতি হারুলছড়ির গ্রামে গিয়ে দেখা গেছে, একটি বাগানে সারি সারি কুলগাছ। আকারে ছোট। বড়জোর চার থেকে পাঁচ ফুট। কুলের ভারে নুয়ে পড়েছে গাছগুলো। বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। বাগান থেকে কুল তুলছিলেন চাষি ইমাজ উদ্দিন। তঁার সঙ্গে কাজ করছিলেন আরও দুজন শ্রমিক। সবাই ব্যস্ত। ২৫ বছরের এই চাষি কুল চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব।
ইমাজ উদ্দিন জানান, চলতি মৌসুমে আট বিঘা জমিতে উন্নতজাতের আপেল কুল, বাউকুল ও থাইকুলের চাষ করেছেন। সব কুলে তিনি বিঘাপ্রতি ১০০ থেকে ১২০ মণ হারে ফলন পাবেন বলে আশা করছেন। এ কুল বাগান রোপণ ও পরিচর্যায় প্রতি বিঘায় তঁার গত এক বছরে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে বিঘাপ্রতি ৮৫ থেকে ৯০ হাজার টাকা করে কুল বিক্রি করা হয়েছে। গত বছর তাঁর লাভ হয় এক লাখ টাকার বেশি। এবার লাভ দেড় লাখ টাকা পেরিয়ে যাওয়ার আশা করছেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে ফটিকছড়ি উপজেলায় ৩০ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। এর মধ্যে ফটিকছড়ি পৌরসভায় পাঁচ, কাঞ্চননগরে তিন, হারুয়ালছড়িতে তিন, পাইন্দং-এ তিন, ভূজপুরে দুই, দাঁতমারায় তিন, সুয়াবিলে চার, সমিতিরহাটে চার ও নানুপুর ইউনিয়নে তিন হেক্টর।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুবেল বলেন, এ অঞ্চলের মাটি কুল চাষের জন্য উপযোগী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফটিকছড়ির কুল চাষে আরও এগিয়ে যেতে পারবে। বর্তমানে এ উপজেলায় বিঘাপ্রতি ১২০ থেকে ১৩০ মণ কুল উৎপাদন হয়। কাঞ্চননগর ইউনিয়নের কৃষক নাজিম উদ্দীন বলেন, ‘এবার ছয় বিঘা জমিতে কুল চাষ করেছি। ফলন ভালো হয়েছে। তবে সরকারি সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় কৃষি উপকরণ ও আধুনিক চাষাবাদ সম্পর্কে ধারণা পেলে কুল চাষ আরও বাড়ত।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লিটন দেব নাথ জানান, প্রতিবছর কুলচাষি বাড়ছে। কুল চাষে সবজির চেয়ে বেশি লাভ হয়। তা ছাড়া কুল চাষ পতিত জমিতেও হয়। এ জন্য কৃষকেরা বাণিজ্যিকভাবে কুল চাষে ঝুঁকছেন।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তহিদুল আলম জানান, ‘কৃষক ধান আবাদ করে অনেক সময় লোকসানের শিকার হন। তার পরিবর্তে কম খরচে পাহাড়-টিলায় দীর্ঘমেয়াদি কুল চাষ কৃষকদের জন্য দারুণ সুযোগ।’ তিনি কৃষকদের সহায়তার আশ্বাস দেন।