কুলচাষি সেই যুবক ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে!
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের ইলিয়াস চৌকিদার ২৪ এপ্রিল রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘরে ঢুকে ঘরে ইয়াবা বড়ি আছে বলে ইলিয়াসকে জানায়।
ডিবি পুলিশ ঘর তল্লাশি করে একপর্যায়ে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে ইলিয়াসকে গ্রেপ্তার করে জাজিরা থানায় নিয়ে যায়। ইলিয়াসের স্ত্রী রাশিদা বেগম অভিযোগ করেন, জয়নগর গ্রামের লিটন মাদবরের জমি ভাড়া নিয়ে কুলবাগান করেন ইলিয়াস। জমির মালিক ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাগানের ৩৫০টি কুলগাছ কেটে জমি দখলে নেন।
এ ঘটনায় ১০ এপ্রিল ইলিয়াস আদালতে একটি মামলা করেন। বিষয়টি পত্রিকায়ও প্রকাশিত হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ লিটন মাদবর ষড়যন্ত্র করে ইয়াবা বড়ি উদ্ধারের নাটক সাজিয়ে ইলিয়াসকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন। ২৪ এপ্রিল গভীর রাতে শরীয়তপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শম্ভু চাঁদ মণ্ডলের নেতৃত্বে ইলিয়াস চৌকিদারের বাড়িতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশ তাঁর ঘর থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। ডিবির উপপরিদর্শক বুলবুল আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সেই মামলায় ইলিয়াসকে জেলহাজতে পাঠানো হয়। শম্ভু চাঁদ মণ্ডল বলেন, ‘পুলিশের কাছে সংবাদ ছিল ইলিয়াস ইয়াবা বিক্রেতা ও তাঁর ঘরে ইয়াবা মজুত রয়েছে। আমরা অভিযান চালিয়ে তাঁর বিছানার নিচ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করি।’ গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ইলিয়াস চৌকিদার (৩৫) পেশায় একজন গাড়িচালক। অল্প আয়ের সংসারে সচ্ছলতা আনতে বিকল্প আয়ের জন্য ২০১০ সালে একই গ্রামের লিটন মাদবরের কাছ থেকে বার্ষিক ১২ হাজার টাকা ভাড়ায় ১০ বছরের জন্য ১১২ শতাংশ জমি ভাড়া নেন। ওই জমিতে আপেল কুল ও বাউ কুলের বাগান করে ইলিয়াস গত তিন বছরে ১৫ লাখ টাকা আয় করেছেন। ইলিয়াসের সাফল্য দেখে লিটন মাদবর ঈর্ষান্বিত হন এবং ইলিয়াসকে আর জমি ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দেন। লিটন মাদবর ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ওই বাগানে থাকা ৩৫০টি কুলগাছ কেটে জমি দখলে নেন। এ ব্যাপারে ইলিয়াস ১০ এপ্রিল শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এ নিয়ে ১৩ এপ্রিল ‘জমির মালিকের ঈর্ষায় যুবকের স্বপ্নের মৃত্যু’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।
জয়নগর ইউপির চেয়ারম্যান ইসমাইল খান বলেন, ইলিয়াস এলাকায় শান্ত ও ভদ্র স্বভাবের যুবক হিসেবে পরিচিত। সে মাদক বিক্রির সঙ্গে জড়িত, এমন কোনো অভিযোগ কখনো শুনিনি। তাঁর ঘর থেকে ইয়াবা উদ্ধারের ঘটনাটি খুবই দুঃখজনক। জাজিরা থানার ওসি ইকরাম হোসেন বলেন, কুলবাগান নিয়ে দ্বন্দ্বের সঙ্গে মাদকদ্রব্য উদ্ধারের কোনো সম্পর্ক নেই। ইতিপূর্বে ইলিয়াস চৌকিদারের বিরুদ্ধে মাদক বিক্রি ও গ্রহণের কোনো অভিযোগ থানায় আসেনি।