কুলচাষিদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিতে রাজশাহী বিভাগীয় ‘কৃষক বন্ধু’ পুরস্কার পাওয়া কৃষক সালাম বক্স মোল্লা এ বছর দুই একর জমিতে কুলের চাষ (বাউকুল) করেছেন। এরই মধ্যে দেড় লাখ টাকার কুল বিক্রি করেছেন। আরও এক লাখ টাকার ফল বিক্রির অপেক্ষায় রয়েছে।
অথচ গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে একই পরিমাণ জমি থেকে মাত্র ৯০ হাজার টাকার কুল বিক্রি করতে পেরেছিলেন তিনি। কৃষক সালাম বক্স মোল্লার মতো নাটোরের গুরুদাসপুরের কুলচাষিরা এবার তাঁদের ফসলের ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন।
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের বেড়ঙ্গারামপুর গ্রামের কৃষক সালাম বক্স। তাঁর মতে, এ বছর অনুকূল আবহাওয়া থাকায় কুলের আকার, স্বাদ, রস সবই ভালো হয়েছে। সেই সঙ্গে হরতাল-অবরোধ না থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এ উপজেলায় আসতে পারছেন। ফলে কুলের ভালোই দাম পাওয়া গেছে এবার।
এদিকে এলাকায় ব্যাপক পরিসরে কুলচাষকে ঘিরে উপজেলার বেড়ঙ্গারামপুর কানুহাজীর বটতলায় গড়ে উঠেছে পাইকারি কুলের মোকাম। সেখানে ১৫টি আড়ত রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এসে ট্রাক ভরে কিনে নিয়ে যাচ্ছেন কুল। প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলে পাইকারি বেচাকেনা।
১৯ ফেব্রুয়ারি কুলের আড়তটিতে গিয়ে দেখা যায়, শতাধিক কুলচাষি হাটে কুল নিয়ে এসেছেন। চলছে ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি। আড়তের কর্মচারীরা কুল বাছাই করে মান অনুসারে প্যাকেট করছেন। তারপর পাইকারেরা সেই প্যাকেটগুলো নিচ্ছেন ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।
কৃষি স্বনির্ভর, মা-ফল ভান্ডার ও সোনার বাংলা ফল ভান্ডারসহ আটটি ফলের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, চায়না, থাই, বাউ ও আপেল কুলচাষিরা তাঁদের উৎপাদিত কুল নিয়ে এই আড়তে আসেন। পাইকাররাও অনেক সময় সরাসরি বাগান থেকে কুল কেনেন। এ বছর বাউকুল ৬০০-৭০০ টাকা, আপেল (নাবি) ১০০০-১২০০ ও থাইকুল ৫০০-৬০০ টাকা মণ দরে বেচা-বিক্রি হচ্ছে, যা গত বছরের চেয়ে মণপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা বেশি। প্রতিদিন এ আড়ত থেকে গড়ে ১০ ট্রাক কুল দেশের বিভিন্ন স্থানে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম বলেন, এ বছর ৮৬ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ১৫ মেট্রিক টন। ৮৬ হেক্টরে মোট ৭৫০ মেট্রিক টন কুল উৎপাদিত হয়েছে। ভালো দামও পাচ্ছেন কৃষক। তা ছাড়া একই জমিতে লিচুর চাষ করেও বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন এসব কুলচাষি।
নোয়াখালী, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে আসা কুল ব্যবসায়ীরা জানান, এ বছর কুলের দাম বেশি হলেও পরিবহন সমস্যা না থাকায় তাঁরা লাভবান হচ্ছেন। প্রতিদিনই তাঁরা ট্রাক ভরে কুল নিয়ে যাচ্ছেন।