কুলসুম বেগমের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈবকিনন্দনপুর গ্রামের গৃহবধূ কুলসুম বেগম (৬০) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল রোববার দৈবকিনন্দনপুর গ্রামে নিহত কুলসুমের বাড়ির সামনের সড়কে ওই সব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করে পুলিশ আসামিদের পক্ষ নিয়ে গ্রামবাসীকে হয়রানি করছে। এতে প্রকৃত খুনিরা শাস্তি পাবে কি না, তা নিয়ে তাঁরা সন্দেহ প্রকাশ করেন।

গত ১৩ জুন রাতে অজ্ঞাত ব্যক্তিরা ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুলসুম বেগমকে কুপিয়ে হত্যা করে। পরদিন কুলসুমের ছেলে ইসরাফিল বোয়ালমারী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক ইন্তাজ আলী বলেন, প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৩ জন আসামির মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ১০ জন আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।