কুলাউড়ায় আগুনে ঘর পুড়ে ছাই, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সকালে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দাবি করেছেন।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জাব্দা গ্রামের আমিরুল ইসলামের বসতঘরে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের আবদুল কাদির ও ইদ্রিছ আলীর ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। এ সময় আগুন নেভানোর কাজে অংশগ্রহণকারী ফায়ার সার্ভিসের কর্মী (ফায়ারম্যান) এমদাদুল হক, জাব্দা গ্রামের সবুজ মিয়া, সুরমান আলী, আজমত আলী ও ইসমাইল আলী আহত হন। তাঁরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আমিরুল ইসলাম দাবি করেন, আগুনে ঘরে মজুত রাখা বোরো ধান, আসবাবসহ মালামাল পুড়ে গেছে।