কুলাউড়ায় চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার কাউন্সিলর প্রার্থীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এ জরিমানা করেন।
সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কুলাউড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খাঁন এবং তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনজুর আলম চৌধুরী ও একই ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী আজিজুর রহমানকে সাত হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করেন আদালত।
এ ছাড়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পথসভা করার দায়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী মুরাদ আহমদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
কুলাউড়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।