কুলাউড়ায় পোনা আটক, চারজনকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাড়ে চার শ কেজি পোনা মাছ জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে এক বছরের কারাদণ্ড এবং দুজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
কুলাউড়া মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে অবৈধভাবে ধরা পোনা পাচারের সময় উপজেলা সদরের কুলাউড়া-বড়লেখা সড়কের আউটার সিগনাল এলাকা থেকে একটি পিকআপ ভ্যান আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিকআপ ভ্যান থেকে ড্রামভর্তি প্রায় সাড়ে চার শ কেজি বোয়াল, ঘাগট, চাপিলার পোনা উদ্ধার করা হয়। আদালত পোনা মাছের দুই মালিক মৌলভীবাজারের রাজনগর উপজেলার আওয়াল আলী ও দুলাল মিয়াকে এক বছরের কারাদণ্ড এবং পিকআপ ভ্যানের চালক সাহেল ও চালকের সহকারী শাহীনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর ফারুক পোনা জব্দ ও চারজনকে জেল-জরিমানার বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘তাঁরা পিকআপ ভ্যানে করে পোনা নিয়ে যাচ্ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য আইন অনুযায়ী আটক চারজনকে জেল ও জরিমানা করেছেন। মাছ নষ্ট হয়ে যাওয়ায় তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’