কুলাউড়ায় প্রথম নারী চেয়ারম্যান নারগিস

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন নারগিস আক্তার বুবলি। গত শনিবার উপজেলা সদর কুলাউড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়ী হন।
নারগিসের স্বামী মোহাম্মদ শাহজাহান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও শ্রমিক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নারগিস পেয়েছেন ২ হাজার ১৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী ১ হাজার ৯৯৩ ভোট পান।
উপজেলার ভূকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ বলেন, নারগিসের আগে আর কোনো নারী কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হননি।
নারগিস আক্তার গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘নারীরা এখন আর পিছিয়ে নেই। এলাকার উন্নয়নে পুরুষদের মতো নারীরাও ভূমিকা রাখতে পারেন, জনগণ এটা বুঝে গেছে। সবার সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।’