কুলাউড়ায় বোমা বিস্ফোরণে দুই স্কুলছাত্র আহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লোয়াইউনি-হলিছড়া চা-বাগান এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাতবোমা বিস্ফোরণে দুই স্কুলছাত্র আহত হয়েছে। তারা হচ্ছে আবু সাদিক ইমাদ ও আবদুল আজিজ। দুজনই ওই ইউনিয়নের জালালাবাদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
আবু সাদিক ইমাদের ডান হাত মারাত্মক জখম হয়েছে। আবদুল আজিজের বাঁ পায়ে আঘাত লেগেছে। আবু সাদিকের বাড়ি ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুরে এবং আবদুল আজিজের বাড়ি পশ্চিম গুঁড়াভূঁই গ্রামে। তাদের পুলিশ পাহারায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহমদ গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এরা হাতবোমা তৈরি করছিল। প্রাথমিকভাবে জানা গেছে এরা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত।’
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় গতকাল সন্ধ্যায় প্রথমে ওই দুজনকে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের সিলেটে পাঠানো হয়। এদিকে ঘটনাটি জানতে পেরে কুলাউড়া থানার পুলিশ বিভিন্ন থানাকে বিষয়টি অবহিত করে এবং আহত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের সিলেটে নিয়ে যাওয়ার সময় সিলেটের মোগলাবাজার থানা পুলিশ মোগলাবাজার এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। এই বিস্ফোরণের সময় সেখানে আরও অন্তত দুজন ছিল বলে মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।