মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া চা-বাগানে গতকাল বুধবার কর্তৃপক্ষের অবহেলায় রিয়া বাউরি (২৪) নামের এক প্রসূতি শ্রমিকের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বাগানের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
পরিবার ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বাগানের লেবার লাইনের বাসিন্দা কৃষ্ণ বাউরির স্ত্রী রিয়া নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রসবব্যথা উঠলে গত শনিবার স্বজনেরা রিয়াকে বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা কম্পাউন্ডার দয়াশংকর গোয়ালা তাঁর চিকিৎসা করেন। গত মঙ্গলবার রাতে রিয়ার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। গতকাল ভোর পাঁচটার দিকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে শ্রমিকেরা বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। বেলা একটার দিকে বাগানের মালিকপক্ষের প্রতিনিধি স্থানীয় পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নওয়াব আলী নকী খান সেখানে উপস্থিত হয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
শ্রমিকদের বিক্ষোভের সত্যতা নিশ্চিত করে মুরইছড়া চা-বাগানের ব্যবস্থাপক নিখিল চন্দ্র দেবনাথ বলেন, রিয়া মাতৃত্বকালীন ছুটি চাননি। তবে তাঁর মৃত্যুর ক্ষেত্রে কারও গাফিলতি থাকলে মালিকপক্ষ ব্যবস্থা নেবে।