কুলাউড়ার নির্বাচন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ওই প্রার্থীরা গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল উপজেলার সাতটি ও চতুর্থ ধাপে ৭ মে বাকি ছয়টি ইউপির নির্বাচন হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান একসময় ছাত্রদলের রাজনীতি করতেন। সে কারণে ইউপি নির্বাচনে তিনি বিএনপি ও সমমনা সংগঠনের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের জন্য তিনি (নির্বাচন কর্মকর্তা) আতাউর রহমান ওরফে আতা নামের রেলওয়ে শ্রমিক দলের স্থানীয় এক নেতার মাধ্যমে বিএনপি-সমর্থিত ব্যক্তিদের নাম সংগ্রহ করেছেন। এভাবে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। এ অবস্থায় ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে না নিলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলেও উল্লেখ করা হয়।
অভিযোগে উপজেলার ভূকশিমইল ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, বরমচাল ইউপির প্রার্থী আবদুল আহবাব চৌধুরী, জয়চণ্ডী ইউপির প্রার্থী আবদুর রব মাহবুব, কুলাউড়া সদর ইউপির প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাজার ইউপির প্রার্থী মমদুদ হোসেন, রাউৎগাঁও ইউপির প্রার্থী আকবর আলী, কাদিপুর ইউপির প্রার্থী সেলিম আহমদ, পৃথিমপাশা ইউপির প্রার্থী আবদুল মান্নান, কর্মধা ইউপির প্রার্থী আতিকুর রহমান, শরীফপুর ইউপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান চিনু মিয়া, টিলাগাঁও ইউপির প্রার্থী আবদুল মালিক, ভাটেরা ইউপির প্রার্থী সৈয়দ এ কে এম নজরুল ইসলাম এবং হাজীপুর ইউপির প্রার্থী ওয়াদুদ বকসের স্বাক্ষর রয়েছে।
অভিযোগ সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সরকারি চাকরি করি। কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠতা নেই। এ ছাড়া কোনো প্রার্থী এখনো নির্বাচনী দায়িত্বে নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেননি। দিলে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া যেত।’ অভিযোগের কারণ কী হতে পারে—এ প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, ‘আমাকে মানসিকভাবে দুর্বল করে কেউ হয়তো বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’