কুলাউড়ার লংলা রেলস্টেশন পুনরায় চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসী গতকাল রোববার রেলস্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে।
রেলওয়ে কর্তৃপক্ষ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাস্টার না থাকায় গত বছরের (২০১৫) ডিসেম্বর মাসের শেষ দিকে রেলওয়ে কর্তৃপক্ষ সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথের লংলা রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়। স্টেশনটি চালুর দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে স্টেশনের সামনে রেলপথে মানববন্ধন শুরু হয়। প্রায় এক ঘণ্টা তা চলে। এতে এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার-পাঁচ শ লোক অংশ নেন। এ সময় আজির খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ প্রমুখ।
ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লংলা রেলস্টেশন দিয়ে রাউৎগাঁও, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নের লোকজন ট্রেনে বিভিন্ন এলাকায় চলাচল করতেন। এসব এলাকার কাঠসহ বিভিন্ন ধরনের পণ্য সিলেট, ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হতো। স্টেশনটি বন্ধ করে দেওয়ায় লোকজন চরম দুর্ভোগে পড়েছে।
ইউপি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ১০ দিনের মধ্যে মাস্টার নিয়োগ করে স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া না হলে রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, ‘লোকবল সংকটের কারণে লংলা রেলস্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে অবসরে চলে যাওয়া কিছু স্টেশনমাস্টারকে সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। লংলা রেলস্টেশনে সপ্তাহ খানেকের মধ্যেই মাস্টার নিয়োগ করা সম্ভব হবে বলে আশা করছি।’