কুলাউড়ায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নারগিস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তৃতীয় ও চতুর্থ ধাপে ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হচ্ছে। এসব ইউপিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নারগিস আক্তার ওরফে বুবলি। তিনি কুলাউড়া সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ২৩ এপ্রিল ওই ইউপির নির্বাচন হবে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নারগিস ছাড়াও সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলের ইউনিয়ন কমিটির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, বিএনপির প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক দলের একাংশের উপজেলা কমিটির আহ্বায়ক জুবের আহমদ খান ও বিএনপির একাংশের ইউনিয়ন কমিটির সদস্য আকমল হোসেন ওরফে শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, নারগিস আক্তারের স্বামী মোহাম্মদ শাহজাহান শ্রমিক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। দলীয় মনোনয়ন না পাওয়ায় শাহজাহান এবার নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নারগিস বলেন, ‘লোকজনের দাবির পাশাপাশি এলাকার পিছিয়ে থাকা নারীদের জন্য কিছু করার তাগিদ বোধ করছিলাম। নির্বাচন একটা সুযোগ সৃষ্টি করে দিল। গণসংযোগে যে গ্রামেই যাচ্ছি, লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছি।’