কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় বিদ্যুৎ বিপর্যয়
মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া ৪৮ কিলোমিটার দীর্ঘ উৎস লাইন দমকা বাতাসে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ছয়টা) বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। এতে তিনটি উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) প্রায় ৪০ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন। এর আগে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা প্রায় আট ঘণ্টা তিনটি উপজেলা বিদ্যুৎহীন ছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলা সদরের চাতলগাঁও এলাকায় অবস্থিত পিডিবির উপকেন্দ্র থেকে কুলাউড়াসহ পাশের জুড়ী ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফেঞ্চুগঞ্জ উপকেন্দ্র থেকে আসা উৎস লাইনের মাধ্যমে কুলাউড়ায় বিদ্যুৎ পাওয়া যায়।সূত্র জানায়, দমকা বাতাসে উৎস লাইনের বিভিন্ন জায়গায় বাঁশ ও ডালপালা ভেঙে পড়লে প্রথম দফায় গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা ত্রুটি সারালে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুনরায় তা স্বাভাবিক হয়। একই কারণে দ্বিতীয় দফায় উৎস লাইনটি ক্ষতিগ্রস্ত হলে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনটি উপজেলায় পিডিবি ও পবিসর প্রায় ৪০ হাজার গ্রাহক আছেন।