কুলাউড়া ও জুড়ীতে বন্যায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদিকে পানি। শিশুরা ঝুঁকি নিয়ে নৌকায় করে বিদ্যালয়ে আসছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজ সকালে তোলা। ছবি: কল্যাণ প্রসূন
চারদিকে পানি। শিশুরা ঝুঁকি নিয়ে নৌকায় করে বিদ্যালয়ে আসছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজ সকালে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে পানি বাড়ছে। ইতিমধ্যেই হাওরপারের রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে গেছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের প্রথম দিকে অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মনু নদের প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থান ভেঙে কুলাউড়ার শরীফপুর, হাজীপুর, টিলাগাঁও, পৃথিমপাশা, রাউৎগাঁও ও কাদিপুর ইউনিয়নে বন্যা দেখা দেয়। কুলাউড়ার ফানাই নদ দিয়ে বন্যার পানি হাকালুকি হাওরে ঢোকে। এ ছাড়া জুড়ী নদী দিয়ে উজানের ঢল নেমে হাওরে পড়ে। এতে হাওরে পানি বেড়ে কুলাউড়ার ভূকশিমইল, জয়চণ্ডী, বরমচাল ও ভাটেরা এবং জুড়ীর জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের কয়েকটি এলাকা প্লাবিত হয়ে যায়।
সরেজমিনে আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুলাউড়া ও জুড়ী উপজেলার হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাড়িঘরে এখনো পানি ওঠেনি। তবে রাস্তাঘাট ও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে। নৌকায় করে লোকজন চলাচল করছে। হাওরে বাতাসে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। ঢেউ আছড়ে পড়ছে বাড়ির উঠান ও ঘরের বেড়ায়।
জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে পানি। আশপাশের বাড়ি থেকে একটি ছোট নৌকায় করে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসছিল। বিদ্যালয়টির সহকারী শিক্ষক বিবেকানন্দ দাস বললেন, ‘আরেকটু পানি বাড়লেই ক্লাসরুমে ঢুকে যাবে। শুধু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চালাচ্ছি।’

বন্যার পানিতে তলিয়ে আছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন। ছবি: প্রথম আলো
বন্যার পানিতে তলিয়ে আছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন। ছবি: প্রথম আলো

পাশের শাহপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন পাঁচ-ছয় ফুট পানিতে তলিয়ে আছে। পাশের ভবনটি দোতলা বন্যা আশ্রয়কেন্দ্র। ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কূল মোহন দাস বলেন, ‘হাওরের খুব কাছে হওয়ায় পানি বাড়লেই এই স্কুলটা প্রথম আক্রান্ত হয়। রমজান ও ঈদের ছুটির পর ১৯ জুন স্কুল খুলেছে। এর আগে থেকেই আমরা বন্যাপ্লাবিত। তাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাঠদান বন্ধ রয়েছে।’
শাহপুর গ্রামের বাসিন্দা দছির আলী বলেন, ‘আওর এলাকার রাস্তাঘাট ও স্কুলগুলো উঁচু করি বানাইলে সহজে পানি ডুবাইত নায়। এইটা নিয়ে সরকারর পরিকল্পনা দরকার।’
কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, হাওরের পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন গ্রামের কিছু কাঁচা সড়ক ডুবে গেছে। তবে বাড়িঘরে এখনো ঢোকেনি। মদনগৌরী, জাব্দা, মুক্তাজিপুর ও কালেশা প্রাথমিক বিদ্যালয় বন্যাপ্লাবিত হওয়ায় সেগুলোতে পাঠদান বন্ধ আছে।
জুড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক ভুঁইয়া বলেন, ১১টি বিদ্যালয় বন্যাপ্লাবিত। এর মধ্যে আটটির শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।
কুলাউড়ার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, বন্যায় এখন পর্যন্ত হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ৫০টির বেশি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সব প্রতিষ্ঠানেই পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুলাউড়ার ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী ও জুড়ীর ইউএনও অসীম চন্দ্র বণিক বলেন, হাওরাঞ্চলে পানি বাড়ছে। তবে বন্যা পরিস্থিতি তাঁরা পর্যবেক্ষণ করছেন। অবস্থার অবনতি ঘটলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।