কুলাউড়া ও ভৈরবে শান্তিপূর্ণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ধাপে গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া ও কিশোরগঞ্জের ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
গতকাল কুলাউড়ার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১১টার দিকে কর্মধা ইউপির রাঙ্গিছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। একপর্যায়ে সেখানে ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এম এ রহমান আতিক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সহিদ হাজির হন। এ সময় দুজন করমর্দন করে কিছু সময় কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে টিলাগাঁও ইউপির বিজলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে ভোট দিতে আসেন স্থানীয় শাহপুর গ্রামের করম শাহ (৯০)। ভোট দিয়ে ফেরার পথে তিনি বলেন, ‘দেশর শান্তির লাগি ভোট দিই। কিন্তু দেশে তো শান্তি আয় না।’ বেলা দেড়টার দিকে পৃথিমপাশা ইউপির আলী আমজাদ উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্র ফাঁকা দেখা যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জয়ন্ত দেবনাথ বললেন, সকালের দিকে ভোটারদের চাপ বেশি ছিল। ২ হাজার ৬৬৩ ভোটের মধ্যে অর্ধেকের বেশি ভোট ইতিমধ্যে পড়েছে।
গতকাল কিশোরগঞ্জের ভৈরবের সাত ইউপিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কেন্দ্রের ভেতর ও বাইরে পরিবেশও ছিল স্বাভাবিক। শুরু থেকে শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টা ৩৯ মিনিটে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসমত আলী মোল্লা বলেন, ওই সময়ের মধ্যে ৪০ ভাগ ভোট পড়েছে।