কুলাউড়া ও রাজনগরে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলায় মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। কাঁচা ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের শেষ দিকে পাহাড়ি ঢলে কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের কাছে মনু নদের প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে পাহাড়ি ঢলের তোড়ে ওই অংশের প্রায় ১০০ ফুট জায়গা ভেঙে যায়। এতে শরীফপুর ইউনিয়নের পালকিছড়া, তিলকপুর, মানগাঁও, কালাইরচর, নছিরগঞ্জ, নিশ্চিন্তপুর, সুলতানপুর, ইটারঘাট, মনোহরপুর এবং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া, কেওলাকান্দি, আলেপুর ও ভুঁইগাঁওসহ ১৫টি গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামে কমপক্ষে ২৫টি কাঁচা ঘর ধসে পড়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার রোপা আমনের খেত।গতকাল সকালে সরেজমিনে ওই সব গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙন দিয়ে প্রবল বেগে ঢুকছে ঢলের পানি। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটছে।তলিয়ে যাওয়া রোপা আমনের খেত দেখিয়ে কালাইরচর গ্রামের মইনুল ইসলাম (৪৫) বলেন, ‘পানির শোঁ শোঁ শব্দ হুনিয়া ঘুম থাকি উঠিয়া দেখি হারা খেত সাদা অই গেছে। বাঁধটা আগে মেরামত করলে আইজ ই অবস্থা অইতো না।’শরীফপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া বলেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশটুকু মেরামত করতে কয়েক মাস আগে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বলা হয়েছিল। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেয়নি। পানিবন্দী লোকজন ও ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ত্রাণ চাওয়া হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম জানান, শরীফপুর ও হাজীপুরের বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ হেক্টর রোপা আমনের খেত তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।অপরদিকে, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মনু নদের বাঁধ ভেঙে যায়। এতে উজিরপুর, কান্দিরকুল, একামধু, গণেশপুর ও হরিপাশা গ্রামে পানি ঢুকে পড়ে। পানিবন্দী হয়ে পড়ে প্রায় চার হাজার মানুষ।টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির মোতালেব বলেন, ‘সকাল ১০টা থেকে গ্রামের লোকজনকে নিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত বাঁধ রক্ষা করা যায়নি। এই ভাঙনে পাঁচটি গ্রামের ফসল ও ঘরবাড়ি এবং আশপাশের গ্রামের আমন ফসল নষ্ট হবে।’খবর পেয়ে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ও কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) আবরাউল হাছান মজুমদার গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করেন।পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক বলেন, ঝড়বৃষ্টি কমলে বাঁধটি মেরামতের কথা ছিল। কিন্তু আকস্মিক বর্ষণ ও পাহাড়ি ঢলে সেটি ভেঙে গেছে।