কুলাউড়া থেকে বিএনপির রোডমার্চ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকার দীর্ঘ জলাবদ্ধতা নিরসনের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির একাংশ আজ মঙ্গলবার সিলেটের ফেঞ্চুগঞ্জে বুড়িকোয়ারি বাঁধ অভিমুখে ‘রোডমার্চ’ করবে।দলের উপজেলা কমিটির প্রচার সম্পাদক শেখ মো. সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় কুলাউড়া পৌর শহরের চৌমোহনা চত্বর থেকে রোডমার্চ শুরু হয়ে উপজেলার কাদিপুর ও ভুকশিমইল ইউনিয়ন অতিক্রম করে ফেঞ্চুগঞ্জের বুড়িকোয়ারি বাঁধে পৌঁছাবে। সেখান থেকে রোডমার্চটি কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন হয়ে চৌমোহনা চত্বরে ফিরে আসবে। সেখানে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।বিএনপির ওই অংশের উপজেলা কমিটির সভাপতি ও কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘প্রায় ছয় মাস ধরে হাকালুকি পারের লোকজন দুর্বিষহ দিন কাটাচ্ছে। এখন বৃষ্টি নেই। তবুও পানি কমছে না। ফসল হচ্ছে না। হাওরের ঢেউয়ে কাঁচা বাড়িঘর ধসে পড়ছে। রাস্তাঘাট ভেঙে গেছে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন হাত-পা গুটিয়ে বসে আছে। লোকজন এ অবস্থা থেকে মুক্তি চায়।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এপ্রিল মাসের শেষদিকে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়।এলাকাবাসীর মতে, সিলেটের ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর শাখার মোহনায় হাকালুকির বুড়িকোয়ারি বিলের কাছে বাঁধ নির্মাণ করায় এবং মূল নদীর মোহনায় ইটভাটার খোয়া ফেলে রাখায় পাশের কুশিয়ারা নদীতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পাউবোর মহাপরিচালক (ডিজি) মো. হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হাকালুকির জলাবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে খননযন্ত্র দিয়ে জুড়ী নদীর মূল মোহনা খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নাব্য-সংকটের কারণে খননযন্ত্রটি হবিগঞ্জের আজমিরীগঞ্জ এলাকায় বেশ কিছু দিন ধরে আটকে আছে। বিষয়টি পানিসম্পদমন্ত্রীকে জানানো হয়েছে।’ তিনি জানান, কুশিয়ারা নদীখনন প্রকল্পের কাজ আগামী শুষ্ক মৌসুমে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।