ট্রেনযাত্রীদের ওপর হামলা ও মামলার ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে সিলেট রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে টিকিট দেখানোকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্যদের সঙ্গে কয়েকজন যাত্রীর তর্ক হয়।একপর্যায়ে ট্রেনটি কুলাউড়া জংশন রেলস্টেশনে পৌঁছালে সেখানে অবস্থানরত রেল পুলিশের একটি দল ওই যাত্রীদের ওপর হামলা চালায়। রেল পুলিশ সেখান থেকে দুই যাত্রীকে আটক করে। এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কুলাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়।সূত্র জানায়, এর প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুলাউড়া জংশন রেলস্টেশনের সামনের সড়কে মানববন্ধন করা হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ।