কুলাউড়া-শাহবাজপুর ট্রেন চালুর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর ধরে বন্ধ থাকা মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথে পুনরায় ট্রেন চালুর আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। গত শুক্রবার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক সভায় এলাকাবাসীর দাবির মুখে তিনি এ আশ্বাস দেন। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দক্ষিণভাগ বাজারে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেন। ওই ঘটনার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেল পাঁচটায় দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ আব্দুস শহীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ। সভায় আব্দুস শহীদ বলেন, কুলাউড়া-শাহবাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রেলপথটির সংস্কার করে ট্রেন চালু করতে সরকার ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এর অনুমোদন হয়েছে। কিন্তু অর্থাভাবে কাজটি শুরু করা যাচ্ছে না। আগামী কয়েক মাসের মধ্যেই ভারত সরকারের কাছ থেকে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অর্থ পেলেই রেলপথের সংস্কারকাজ শুরু হবে। বর্তমান সরকারের আমলেই কুলাউড়া-শাহবাজপুর রেলপথে ট্রেন চলবে। রেলওয়ে কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে রেলওয়ের প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে ওই রেলপথ ট্রেন চলাচলের অনুপযোগী বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ৮ জুলাই থেকে রেলওয়ে কর্তৃপক্ষ এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।