কুলাউড়া-শাহবাজপুর ট্রেন চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক পর মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর ট্রেনলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অক্টোবর মাসে তিন দিন পুরো রেললাইন এলাকা জরিপ করে গেছেন।জানা গেছে, নতুন করে রেললাইন চালু করতে কোথায়, কী কাজ করতে হবে, এটাই ছিল জরিপের উদ্দেশ্য।রেলওয়ে সূত্র জানায়, ২০০২ সালের ৭ জুলাই মৌলভীবাজার জেলার কুলাউড়া-শাহবাজপুর রেললাইনটি কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী ও কুলাউড়া এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছয় থেকে সাত লাখ মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনে সমস্যায় পড়েন। সড়কপথে ভাড়া বেশি হওয়ায় এলাকাবাসীর যাতায়াত ও পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। জুড়ী, দক্ষিণভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর—এই ছয়টি রেলস্টেশন স্থবির হয়ে পড়ে। ট্রেন চালুর দাবিতে বিভিন্ন সময়ে কুলাউড়া, জুড়ী ও বড়লেখার মানুষ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব দলের প্রার্থীর অন্যতম প্রতিশ্রুতি ছিল, বিজয়ী হলে কুলাউড়া-শাহবাজপুর ট্রেনলাইন চালু করবেন। নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মো. শাহাব উদ্দিন। মহাজোট সরকার গঠন করলেও এখনো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তবে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন নামে একটি প্রকল্প পাস হয়। এই প্রকল্পে রেললাইন পুনর্নির্মাণ, রেলস্টেশনের ভবন সংস্কার, সংকেত-ব্যবস্থার উন্নতিসহ ৪২ কিলোমিটার দীর্ঘ কুলাউড়া-শাহবাজপুর রেললাইন আধুনিকায়নের লক্ষ্যে ১১৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। কিন্তু এই অর্থ আজও বরাদ্দ হয়নি।এদিকে রেললাইনে কাজ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশার সৃষ্টি হয়। সংস্কারের অভাবে রেললাইনের ছয়টি স্টেশনের ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। ট্রেনলাইনের স্লিপারের কাঠ মাটিচাপা পড়েছে, উইপোকায় খেয়েছে। রেললাইন ও স্টেশনের লোহালক্কড় চুরি হচ্ছে। রেলওয়ের জায়গা অনেকে নানাভাবে দখল করে নিচ্ছে। কুলাউড়া-শাহবাজপুর রেললাইনটি ব্রিটিশ আমলে নির্মিত আসাম-বেঙ্গল (এবি) রেলওয়ের অন্তভুক্ত ছিল। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়। এরপর ট্রেন চলাচল কুলাউড়া-শাহবাজপুরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে; যা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এলাকাবাসীর কাছে ‘লাতুর ট্রেন’ নামে পরিচিত ছিল।এদিকে রেল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালুর লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে রেলওয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অক্টোবর মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত পুরো রেললাইন এলাকা জরিপ করে। এ সময় তারা রেললাইনের সেতু, স্ল্লিপার, প্ল্যাটফরম, স্টেশন ভবন, কর্মচারীসহ কোথায় কী লাগবে, তার তথ্য সংগ্রহ করেছেন। এ সময় লাইনের দক্ষিণভাগ-কাঁঠালতলী এলাকার মুড়াউল স্টেশনে আরও দুটি লাইন বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্র জানায়, ভারতের একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে লাইনে কাজ হবে।রেলওয়ের কুলাউড়া জংশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আলী আজ্জম রেললাইন চালু করতে রেলওয়ের প্রতিনিধিদলের তিন দিন জরিপকাজ পরিচালনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, কোথায় কী লাগবে, প্রতিনিধিদলটি তা জরিপ করে গেছে। মুড়াউলে লাইন বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে বা কবে লাইন চালু হবে, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।