মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসনের কাজ দ্রুত শুরুর আশা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল সোমবার রেলপথটি পরিদর্শনে এসে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে হর্ষবর্ধন শ্রিংলা কুলাউড়া জংশন রেলস্টেশনে পৌঁছান। পরে তিনি ওই স্টেশন থেকে শুরু হওয়া কুলাউড়া-শাহবাজপুর রেলপথের কিছু জায়গা ঘুরে দেখেন। এ সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, এ রেলপথটি ভারতের উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত হবে। রেলপথটির পুনর্বাসনে ভারত সরকার অর্থসহায়তা করছে। দুই দেশের পরামর্শক প্রতিষ্ঠান মিলে এ কাজ করছে। ইতিমধ্যেই রেলপথের বিভিন্ন স্থাপনার নকশা তৈরির কাজ শুরু হয়েছে। এরপর বাংলাদেশ রেলওয়ে দরপত্র আহ্বান করবে। দ্রুত রেলপথটির পুনর্বাসনকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুমিত জেরাথ, ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দীপাঞ্জন রায়, ফার্স্ট সেক্রেটারি জিনা উইকা, প্রকল্প পরিচালক বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রমজান আলী, কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি তপন শর্মা, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে বড়লেখা উপজেলার শাহবাজপুর রেলস্টেশন পর্যন্ত এ রেলপথের দৈর্ঘ্য ৫১ কিলোমিটার। পরিত্যক্ত হয়ে পড়ায় ২০০২ সালের দিকে এ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছর একনেকে ৬৭৮ কোটি টাকা ব্যয়ে রেলপথটি পুনর্বাসনের প্রকল্প অনুমোদিত হয়। একই বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
প্রকল্প পরিচালক রমজান আলী প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের শুরুতে মূল কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালের মধ্যে কাজ সম্পন্ন হবে।