কুলাউড়া সীমান্তে বিডিআর-বিএসএফ সম্প্রীতি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে গতকাল শনিবার বিডিআর-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সম্প্রীতি বৈঠক হয়েছে। সীমান্তবর্তী আমতল বাজারের তেলিবিল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।বিডিআর সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় দুই পক্ষের মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকে মনু নদের প্রতিরক্ষা বাঁধ রক্ষার কাজ, কয়েক জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণসংক্রান্ত অমীমাংসিত বিষয়, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ টহল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার পানি সাগরের ডিআইজি জহুর খান। বেলা দুইটায় মধ্যাহ্ন ভোজের বিরতির পর আবার বৈঠক শুরু হয়। চলে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত।এর আগে সকাল সোয়া ১০ টায় চাতলাপুর তল্লাশি চৌকিতে বিএসএফ প্রতিনিধিদলের সদস্যদের অভ্যর্থনা জানান বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তাঁদের সীমান্তের চার কিলোমিটার ভেতরে তেলিবিল উচ্চবিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে এই বৈঠক হয়।১৪ রাইফেল ব্যাটালিয়নের পরিচালক (অপারেশন) মেজর রাকিবুর হাসান বলেন, সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে ছয় মাস পর পর এ ধরনের বৈঠক হয়। তবে এই প্রথম বাংলাদেশের প্রায় চার কিলোমিটার অভ্যন্তরে বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের এ বৈঠক হলো।