কুলাউড়ার আদিবাসী পল্লিতে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিংগুর আদিবাসী খাসিয়াপল্লিতে বিরোধপূর্ণ জায়গায় চারাগাছ লাগানো নিয়ে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর এলাকার ওই পল্লিতে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের ৫০টি পরিবার বসবাস করছে। পল্লির লাগোয়া দুই একর ৬০ শতক জায়গা নিয়ে খাসিয়াদের সঙ্গে পাশের শ্রীপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মতিন খাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে মতিন খাঁর ছেলে রানা খাঁ ও জামাতা ছয়ফুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে বিরোধপূর্ণ জায়গায় ঢুকে আগরগাছের চারা লাগানোর চেষ্টা করেন। এ সময় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাঁদের বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে কুলাউড়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাসিয়াপল্লির হেডম্যান (প্রধান) জামিলধার খাসিয়া বলেন, ‘মতিন খাঁর লোকজন ঢিল ছোড়া শুরু করলে আত্মরক্ষার্থে আমরা তাঁদের প্রতিহত করি। ভয়ে আছি, রাস্তাঘাটে পেয়ে তাঁরা হামলা চালান কি না।’