কুলাউড়ার চার চা-বাগানের নারী শ্রমিকদের কর্মবিরতি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুরসহ এর আওতাধীন পলকিছড়া পাঁড়ি, তিলকপুর ও চুয়াল্লিশ পাট্রা ফাঁড়ি চা-বাগানের নারী শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন শুরু করেছেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চারটি বাগানে শ্রমিকের সংখ্যা ১ হাজার ৬৯৫ জন। বাগানের নারী শ্রমিকদের একটি অংশ প্রতি দিন ১৮ কেজি করে চায়ের কুঁড়ি উত্তোলন করেন। অপর অংশ ১৬ কেজি করে উত্তোলন করেন। সে হিসাবে প্রতি সপ্তাহে তাঁরা ৮৫ টাকা মজুরি পান। অতিরিক্ত পরিমাণ কুঁড়ি উত্তোলন করলে বাগান কর্তৃপক্ষ কেজিপ্রতি দুই টাকা করে প্রদান করে। শ্রমিকেরা তা পাঁচ টাকায় নির্ধারণ করতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ তা মানছে না। এ ছাড়া কাজের জন্য বাগান কর্তৃপক্ষ প্রয়োজনীয় ছাতা, কুঁড়ি রাখার জন্য ঝুড়ি ও গামছা দেয় না। এসব দাবিতে চারটি বাগানের ৭০০ থেকে ৮০০ নারী শ্রমিক সকাল আটটার দিকে চাতলাপুর বাগানের কারখানার ফটকের সামনে জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে বেশ কিছু পুরুষ শ্রমিকও তাঁদের সঙ্গে যোগ দেন।
চাতলাপুর বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি মাখন বাউরি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে বলেন, বাগান কর্তৃপক্ষ এখনো দাবি মানেনি। দাবি না মানলে লাগাতার কর্মবিরতি চলবে।
শ্রমিকদের কর্মবিরতির সত্যতা স্বীকার করে চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আশপাশের বিভিন্ন বাগানে ২৪-২৫ কেজি করে চা তুলে শ্রমিকেরা ৮৫ টাকা মজুরি পান। অথচ চাতলাপুর ও ফাঁড়ি বাগানের শ্রমিকেরা মাত্র ১৮ ও ১৬ কেজি করে চা তুলে ৮৫ টাকা পান। এখন তাঁরা অতিরিক্ত পরিমাণের ক্ষেত্রে কেজিপ্রতি পাঁচ টাকা দাবি করছেন। এটা অযৌক্তিক। আর অন্যান্য দাবিদাওয়া পূরণে আমরা উদ্যোগ নিচ্ছি।’