কুলাউড়ার তিন ইউনিয়নের মানুষের গ্যাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা, বরমচাল ও ব্রাহ্মণবাজার—এই তিন ইউনিয়নে গ্যাস সরবরাহ, ফেঞ্চুগঞ্জ গ্যাসফিল্ডের নাম পরিবর্তন এবং স্থানীয় লোকজনকে গ্যাসফিল্ডে চাকরি দেওয়ার দাবিতে এলাকাবাসী আন্দোলনের ঘোষণা দিয়েছেন।এলাকাবাসী জানান, আন্দোলনের লক্ষ্যে গতকাল শনিবার বরমচাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিন ইউনিয়নের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণে একটি সভা হয়েছে। এই সভায় আন্দোলন পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট বরমচাল, ভাটেরা ও ব্রাহ্মণবাজার উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে। এ ছাড়া তিন ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।বরমচাল, ভাটেরা ও ব্রাহ্মণবাজার উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম বলেন, এলাকাবাসীর দাবি বাস্তবায়নে প্রায় ১০ বছর ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মন্ত্রীসহ বিভিন্নজনের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এতে কোনো সাড়া মেলেনি। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দাবি বাস্তবায়নে নিয়মতান্ত্রিকভাবে সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জয়নুল ইসলাম জানান, ফেঞ্চুগঞ্জ গ্যাসফিল্ড বরমচালে হওয়া সত্ত্বেও এর নামকরণ করা হয়েছে ফেঞ্চুগঞ্জ গ্যাসফিল্ড। আবার এই এলাকা থেকে সারা দেশে গ্যাস যাচ্ছে ঠিকই; কিন্তু এলাকার মানুষ গ্যাস থেকে বঞ্চিত।