জনবল সংকটের কারণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ও টিলাগাঁও রেলওয়ে স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে দুটি স্টেশন এলাকার সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের এই রেলস্টেশন দুটি আবার চালুর দাবিতে জেলা প্রশাসকসহ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে এলাকাবাসী। এ ব্যাপারে কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মুহিব উদ্দিন আহমেদ গত রোববার বলেন, ‘স্টেশনমাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় স্টেশন দুটিতে টিকিট কাটা, মাল ওঠানামাসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সরকারের রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন শুধু সিলেট বা অন্য জায়গা থেকে লোকাল ট্রেনে যে যাত্রী ওঠেন, তাঁদের নামানোর জন্য স্টেশনে এক মিনিট ট্রেন থামছে।’ তিনি জানান, স্টেশন দুটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। লোক নিয়োগ দিলে আবার চালু হবে।রেলওয়ে সূত্রে জানা গেছে, উপজেলার ভাটেরা বাজার রেলস্টেশনের মাস্টার চন্দ্র বিনোদ সিংহ সামন্ত গত ২৮ জুলাই থেকে অবসরপ্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন। তাঁর জায়গায় কাউকে নিয়োগ না দেওয়ায় ২৯ জুলাই স্টেশনটির সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। চন্দ্র বিনোদ সিংহ প্রথম আলোকে বলেন, ‘আমার জায়গায় কাউকে দায়িত্ব না দেওয়ায় স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের সুযোগ পাইনি। এখনো আমার কাছে স্টেশনের চাবি রয়ে গেছে।’ জানা গেছে, ভাটেরা বাজার থেকে সিলেটে ট্রেনের ভাড়া ১০ টাকা। এ ক্ষেত্রে বাসের ভাড়া ৩৮ টাকা। সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৪০ থেকে ৫০ টাকা। ভাটেরা থেকে কুলাউড়ার রেলের ভাড়া ছয় টাকা। এ ক্ষেত্রে বাসের ভাড়া হচ্ছে ২০ টাকা। ভাটেরা বাজার এলাকায় দুই-আড়াই শ ব্যবসায়ী রয়েছেন। ভাটেরা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী বলেন, ‘এলাকার ব্যবসায়ীরা ট্রেনে করে শ্রীমঙ্গল থেকে কম ভাড়ায় পণ্য পরিবহন করতেন। এখন শ্রীমঙ্গল থেকে সড়কপথে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাজার হয়ে পণ্য আনতে হচ্ছে। এতে খরচ বেশি পড়ছে।’ ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ চৌধুরী বলেন, ‘স্টেশনটি বন্ধ হওয়ায় কুলাউড়া উপজেলার ভাটেরা ও ভুকশিমইল ইউনিয়ন এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মানুষ চলাচলের ক্ষেত্রে দুর্ভোগে পড়েছেন। ব্যবসায়ীরা কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রেনে নিয়ে আসতেন। এখন সড়কপথে আনছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রতিদিন ট্রেনে আসা-যাওয়া করে সিলেটে লেখাপড়া করেন। এখন তাঁদের জন্য সড়কপথে আসা-যাওয়া করা কঠিন হয়ে পড়ছে।’ চেয়ারম্যান জানান, ১৯৭৩ সালে বি-শ্রেণীর এই রেলস্টেশনটি উদ্বোধন করেছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। রেলস্টেশনটি আবার চালুর দাবি জানিয়ে তাঁরা মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রেল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।এদিকে উপজেলার টিলাগাঁও রেলস্টেশনটি গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। এ রেলস্টেশনে একজন স্টেশনমাস্টার ও একজন পয়েন্টসম্যান কর্মরত ছিলেন। স্টেশনমাস্টারকে গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রেষণে অন্যত্র বদলি করে দেওয়া হলে স্টেশনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে স্টেশনটি অরক্ষিত অবস্থায় রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, সংঘবদ্ধ চোর স্টেশনের লোহাসহ মূল্যবান উপকরণ চুরি করে নিয়ে যাচ্ছে। ব্রিটিশ আমলে চা-বাগান ও এলাকার জনসাধারণের সুবিধার্থে বি-গ্রেডের এ স্টেশনটি স্থাপন করা হয়েছিল। টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক বলেন, ‘স্টেশন বন্ধ হওয়ায় টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। স্টেশনে টিকিট কাটার ব্যবস্থা না থাকায় বিনা টিকিটে ট্রেনে উঠলে টিটি টিকিট দিচ্ছেন না। এতে যাত্রীদের হয়রানি হচ্ছে।’ চেয়ারম্যান জানান, স্টেশন চালু রাখার দাবিতে এলাকাবাসী এ সময়ের মধ্যে ট্রেন অবরোধ, মানববন্ধনের মতো বেশ কিছু কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভাটেরা ও টিলাগাঁও রেলস্টেশন চালুর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে লিখেছি।’