মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নয়টি গ্রামের বেশির ভাগ পুরুষ গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন। গত শনিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার পরিপ্রেক্ষিতে এ আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার কর্মধার রাঙ্গিছড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে নিয়ন্ত্রণকক্ষে ফল নিয়ে আসার পথে পরাজিত বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সহিদের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান।
এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আবদুস সহিদসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করে ওই দিন রাতে মামলা হয়।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে দেখা গেছে, কর্মধার রাঙ্গিছড়া, নলডরি, মহিষমারা, টাট্রিউলি, হোসনাবাদ, কর্মধা, ফটিগুলি, বুধপাশা ও মনসুরপুর গ্রামের বেশির ভাগ পুরুষ এলাকা ছেড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে রাঙ্গিছড়া, বুধপাশা ও নলডরি এলাকার ১০-১২ জন নারী বলেন, তাঁদের স্বামীদের মামলার আসামি করা হয়েছে বলে শুনেছেন। সে কারণে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন। প্রায়ই রাতে পুলিশ এলাকায় অভিযান চালায়।
এক নারী বলেন, ‘আওয়ামী লীগর কিছু মানুষে আইয়া কইছইন তাঁরা পুলিশর লগে যোগাযোগ করি আসামির তালিকা থাকি নাম কাটিয়া দিবা। টেকাপয়সা লাগব।’
ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ রহমান আতিক বলেন, ‘বাবুলের (পরাজিত প্রার্থী আবদুস সহিদের ডাকনাম) নেতৃত্বেই শনিবার হামলার ঘটনা ঘটেছে। আমি পুলিশকে বলেছি, তাঁকে (বাবুল) গ্রেপ্তার করলেই সব আসামির সাজা হয়ে যাবে। আর আসামির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কারা তৎপরতা চালাচ্ছে জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, ‘আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারে কিছু লোকের তৎপর হওয়ার বিষয়টি আমাদের কানেও এসেছে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। ঘটনায় প্রকৃত জড়িত ব্যক্তিদেরই গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’