কুলাউড়ার রাজাপুর খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে ‘মানবসেতু’
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার রাজাপুর খেয়াঘাটের দুই পাড়ে ওই কর্মসূচি পালন করা হয়। নদীর পানি কম থাকায় খেয়াঘাটের ওপাড় পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে এলাকার শত শত মানুষ কর্মসূচিতে অংশ নিলে তা ‘মানবসেতু’তে পরিণত হয়।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার হাজীপুর, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের মিলনস্থল রাজাপুর খেয়াঘাট এলাকায় মনু নদের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। গতকাল সেতুর দাবিতে এই তিন ইউনিয়নের ৪০টি গ্রামের শত শত মানুষ খেয়াঘাট এলাকার নদীতে ওই মানববন্ধন করে। আধা ঘণ্টা স্থায়ী মানববন্ধন দুপুর ১২টা থেকে শুরু হয়।মানববন্ধন শেষে সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সভাপতি আবদুল মালিক, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত প্রমুখ।