মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানের দুই শ্রমিককে চাকরিচ্যুত ও একটি গাছ চুরির মামলা করা নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাগানের বিভিন্ন এলাকায় শাল, আকাশমনি ও বেলজিয়াম জাতের প্রায় দেড় হাজার গাছ বিক্রির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত জুন মাসের প্রথম থেকে এসব গাছ কাটা শুরু হয়। চা-শ্রমিকদের সূত্রে জানা গেছে, বাগানের শ্রমিক শ্রীজনম দাস ও রামদুলাল দাস আসবাবপত্র তৈরি করতে বাগানের সহকারী ব্যবস্থাপক মোর্শেদ আলমের মৌখিক অনুমতি নিয়ে দুটি কাটা গাছ নিয়ে যান। এ ঘটনায় ব্যবস্থাপক জহিরুল ইসলাম ওই দুই শ্রমিককে গত ১৮ জুন চাকরিচ্যুত করেন। এতে সাধারণ শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা দুই সহকর্মীকে পুনর্বহালে ব্যবস্থাপকের কাছে অনুরোধ করলে তিনি রাজি হননি। পুলিশ সূত্র জানায়, বাগানের গাছ চুরির অভিযোগে ব্যবস্থাপক জহিরুল ইসলাম গত ১ জুলাই ১০ জন চা-শ্রমিককে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেন।বাগান শ্রমিক পঞ্চায়েতের সভাপতি সুর নারায়ণ নাইডু শ্রমিকদের গাছ চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রমিকদের হয়রানি করতে মামলাটি করা হয়েছে।’ তিনি বলেন, ‘দুই শ্রমিক বাগানের সহকারী ব্যবস্থাপকের অনুমতি নিয়েই গাছ নিয়েছিল। এটা তো অপরাধের কিছু নয়। তাই বলে অমানবিকভাবে তাঁদের চাকরিচ্যুত করা মোটেই উচিত হয়নি। দুটি কারণেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা আছে।’ বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলামের সঙ্গে গতকাল বিকেলে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।তবে নাম প্রকাশ না করার শর্তে বাগানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দুই শ্রমিককে চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করেন।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) অকিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গাছ চুরির অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’