কুলাউড়ার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হায়দরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকারের ওপর হামলার প্রতিবাদে গতকাল অগ্রণী উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয় l প্রথম আলো
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হায়দরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকারের ওপর হামলার প্রতিবাদে গতকাল অগ্রণী উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয় l প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকারকে (৫৫) মারধরের প্রতিবাদে উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে।
স্থানীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফয়জূর রহমান বলেন, উপজেলার ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা দুইটায় কুলাউড়া পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণে সমাবেশ হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক পরিমল গত রোববার বিকেলে বিদ্যালয় থেকে উপজেলা সদরের বাসায় ফিরছিলেন। পথে কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ রহমান আতিকের ভাগনে শুভ ও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাকীন তাঁকে সামনে এগিয়ে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে মারধর করেন।
পরে স্থানীয় লোকজন শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ছাড়া দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই দিন রাতে শিক্ষক বাদী হয়ে দুই যুবকসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিক হেরে যাওয়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস সহিদ।
গত মঙ্গলবার প্রথম আলোয় ‘প্রধান শিক্ষককে মারধর, চেয়ারম্যানের ভাগনে আটক’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।