কুলাউড়ার সেই সংরক্ষিত বনে সামাজিক বনায়নের কার্যক্রম বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লবণছড়া সংরক্ষিত বনে সামাজিক বনায়নের কার্যক্রম অবশেষে বাতিল করা হয়েছে। সেখানে গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সম্প্রতি ওই বনের প্রাকৃতিক গাছগাছালি উজাড় করে সামাজিক বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল।সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, লবণছড়ায় সামাজিক বনায়নের কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটুকু জায়গার গাছগাছালি কাটা হয়েছিল, স্থানীয় বন বিভাগের নিজস্ব উদ্যোগে সেখানে চাপালিশ, গর্জন, জারুল, অর্জুন ও মেহগণি গাছের চারা রোপণ করা হবে বলে জানান।লবণছড়া সংরক্ষিত বনের প্রায় ২৫ হেক্টর জায়গায় চলতি অর্থবছরে সামাজিক বনায়নের পরিকল্পনা নেওয়া হয়। প্রাথমিকভাবে জমি তৈরির জন্য কয়েক সপ্তাহ আগে সেখানকার প্রায় পাঁচ হেক্টর জায়গার কচি বাঁশসহ বিভিন্ন জাতের গাছগাছালি কেটে ফেলা হয়।এ নিয়ে ১ জুন প্রথম আলোয় ‘প্রাকৃতিক বন উজাড় করে সামাজিক বনায়ন!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর গত বৃহস্পতিবার বন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মিজানুর রহমান সরেজমিন তদন্ত করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে একটি প্রতিবেদন দেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে সামাজিক বনায়ন কার্যক্রম বাতিল করা হয়েছে।