কুলাউড়ায় অনিয়ম ঠেকাতে প্রশাসনের উদ্যোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা-শ্রমিকদের অনুদান প্রদানের জন্য তালিকা তৈরিতে অনিয়ম ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন আজ রোববার স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন চা-বাগানের ব্যবস্থাপক ও বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের’ আওতায় সমাজসেবা অধিদপ্তর এবার উপজেলার ১৯টি চা-বাগানের ৩ হাজার ৭৩৫ জন শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা করে মোট প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সিরাজনগর বাগানে তা দেওয়া হয়ে গেছে। সম্প্রতি কয়েকটি বাগানে স্থানীয় জনপ্রতিনিধি ও বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতারা অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন হারে অর্থ আদায় করেন। এ বিষয়ে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
আজ বেলা একটার দিকে এ নিয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে বৈঠক শুরু হয়। ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতারা দাবি করেন, উপকারভোগীদের ছবি তোলা, ফটোকপি, মাস্টাররোল তৈরি ও যাতায়াত খরচ বাবদ টাকা নেওয়া হয়।
বৈঠকে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম, দিলদারপুর-ক্লিভডন চা-বাগানের ব্যবস্থাপক মো. হাছিব মিয়া, কর্মধা ইউপির চেয়ারম্যান এম এ রহমান অতিক, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, শরীফপুর ইউপির চেয়ারম্যান জোনাব আলী প্রমুখ।
ইউএনও ফরহাদ চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই অনুদান প্রদানে অনিয়ম হয়ে থাকে। এবার পাঁচ-ছয়টি বাগান থেকে অভিযোগ এসেছে। এ পরিস্থিতিতে অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করেছি। অনুদান পাইয়ে দিতে বিভিন্ন খরচের কথা বলে নেওয়া টাকা দ্রুত ফেরত দিতে বলা হয়েছে। ছবি তোলা ও ফটোকপির কাজে বাগানের ব্যবস্থাপকেরা সহযোগিতা করবেন বলেছেন। অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করবেন। অনুদান নিয়ে যাতে কোনো অনিয়ম না ঘটে, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়। এরপরও কোথাও অনিয়ম ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’